Shopify-এ অর্ডার ট্র্যাকিং
আপনি গ্রাহকদের তাদের শিপমেন্ট ট্র্যাক করার সুবিধা দিতে পারেন। কোনো সম্পন্ন অর্ডারে একটি ট্র্যাকিং নম্বর যোগ করার পর, গ্রাহকরা অর্ডারের স্ট্যাটাস পেজ, শিপিং ইমেইল এবং Shop অ্যাপের মাধ্যমে তাদের ডেলিভারি ট্র্যাক করতে পারবেন।
এই পেজে
অর্ডারে ট্র্যাকিংয়ের তথ্য যোগ করা
আপনি যখন কোনো অর্ডার পূরণ করেন এবং একটি ট্র্যাকিং নম্বর যোগ করেন, তখন Shopify আপনার গ্রাহকদের কাছে শিপমেন্টের আপডেট পাঠাতে সেই তথ্য ব্যবহার করে। আপনার গ্রাহকরা অর্ডারের স্ট্যাটাস পেজ, গ্রাহকের নোটিফিকেশন ইমেইল এবং Shop অ্যাপ ব্যবহার করে ট্র্যাকিং অ্যাক্সেস করতে পারবেন।
আপনি নিম্নলিখিত উপায়ে কোনো অর্ডারে ট্র্যাকিংয়ের তথ্য যোগ করতে পারেন:
- আপনি যখন Shopify অ্যাডমিনের মাধ্যমে একটি শিপিং লেবেল কেনেন, তখন স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং যোগ হয়ে যায়। ফুলফিলমেন্টে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং নম্বর এবং ক্যারিয়ার যোগ করা হয়।
- আপনি যখন Shopify-এর সাথে একীভূত নয় এমন কোনো শিপিং ক্যারিয়ার ব্যবহার করেন, তখন ম্যানুয়ালি ট্র্যাকিং যোগ করতে পারেন। ফুলফিলমেন্টের সময় বা পরে আপনি ট্র্যাকিং নম্বর লিখলে স্বয়ংক্রিয়ভাবে ক্যারিয়ার শনাক্ত করা হয়। যদি ক্যারিয়ার শনাক্ত করা না যায়, তাহলে আপনি একটি ড্রপডাউন থেকে এটি নির্বাচন করতে পারেন বা সরাসরি একটি ট্র্যাকিং URL লিখতে পারেন।
আপনি যদি ফুলফিলমেন্টের জন্য কোনো তৃতীয়-পক্ষ পরিষেবা যেমন কোনো অ্যাপ ব্যবহার করেন, তাহলে আপনি কীভাবে ট্র্যাকিংয়ের তথ্য যোগ করবেন তা আপনার ব্যবহৃত পরিষেবার ওপর নির্ভর করে। যদি পরিষেবাটি ট্র্যাকিংয়ের তথ্য প্রদান করে, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়। আপনার ফুলফিলমেন্ট পরিষেবাটি Shopify-এর সাথে তাদের ইন্টিগ্রেশনে এই তথ্য প্রদান করে কি না, সে বিষয়ে আপনি নিশ্চিত না হলে, বিস্তারিত তথ্যের জন্য সেই পরিষেবার সাথে যোগাযোগ করুন।
আপনি যদি ট্র্যাকিং নম্বর ছাড়াই কোনো অর্ডার শিপ করেন, তবে গ্রাহক সেটি পাওয়ার পর আপনি অর্ডারের বিবরণের পেজ থেকে অর্ডারটিকে ডেলিভার করা হয়েছে হিসেবে চিহ্নিত করতে পারেন। অন্যথায়, অর্ডারের স্ট্যাটাস পেজে অর্ডারটির স্ট্যাটাস On its way হিসেবে থেকে যাবে।
গ্রাহকদের জন্য অর্ডার ট্র্যাকিং
গ্রাহকরা অর্ডারের স্ট্যাটাস পেজ, শিপিং নোটিফিকেশন ইমেইল এবং Shop অ্যাপের মাধ্যমে তাদের শিপমেন্ট ট্র্যাক করতে পারবেন। Shop অ্যাপে এবং গ্রাহক অ্যাকাউন্টের অর্ডার পেজে, যোগ্য শিপমেন্টের ডেলিভারির তারিখ শিপিংয়ের অগ্রগতির সাথে সাথে চেকআউটের পরে আপডেট হয় এবং যখন এটি ক্যারিয়ারের তারিখের চেয়ে আলাদা হয়, তখন এটিকে Predicted by Shop লেবেল দেওয়া হয়।
অর্ডারের স্ট্যাটাস পেজ
অর্ডারের স্ট্যাটাস পেজ হলো এমন একটি প্রাথমিক জায়গা, যেখানে গ্রাহকরা তাদের শিপমেন্ট ট্র্যাক করেন। আপনি একটি ট্র্যাকিং নম্বর যোগ করার পরে, গ্রাহকরা তাদের ডেলিভারির স্ট্যাটাস দেখতে এই পেজে ফিরে আসতে পারেন।
গ্রাহকরা নিম্নলিখিত উপায়ে অর্ডারের স্ট্যাটাস পেজ অ্যাক্সেস করতে পারবেন:
- তাদের গ্রাহক অ্যাকাউন্ট-এ সাইন ইন করে
- তাদের শিপিং নিশ্চিতকরণ ইমেইলে থাকা ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করে
- তাদের অর্ডার নিশ্চিতকরণ নম্বরটি লিখে এবং ইমেইল বা ফোন নম্বর যাচাই করে
সমর্থিত ক্যারিয়ার ব্যবহার করা শিপমেন্টের ক্ষেত্রে, অর্ডারের স্ট্যাটাস পেজে শিপমেন্টের লোকেশন সম্পর্কে আপডেট দেখানো হয়।
ইমেইল নোটিফিকেশন
ডেলিভারির সময় গুরুত্বপূর্ণ ধাপে গ্রাহকরা নোটিফিকেশন ইমেইল পান। আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > নোটিফিকেশন > গ্রাহকের নোটিফিকেশন-এ গিয়ে নোটিফিকেশন টেমপ্লেট কাস্টমাইজ করতে বা নির্দিষ্ট নোটিফিকেশন নিষ্ক্রিয় করতে পারেন।
Shop অ্যাপ
Shop অ্যাপ আপনার গ্রাহকদের তাদের সব অর্ডার ট্র্যাক করার জন্য একটি নির্দিষ্ট জায়গা দেয়। গ্রাহকরা Shop অ্যাপে নিচের অর্ডার ট্র্যাকিং ফিচারগুলো ব্যবহার করতে পারবেন:
- অর্ডারের স্ট্যাটাস আপডেট
- শিপিং মাইলফলকের জন্য পুশ নোটিফিকেশন
- লাইভ ম্যাপ ট্র্যাকিং
- আনুমানিক ডেলিভারির তারিখ
আপনার Shopify স্টোরের অর্ডারগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার গ্রাহকের Shop অ্যাকাউন্টে সিঙ্ক হয়ে যায়।
আপনার মোবাইল অর্ডারের স্ট্যাটাস পেজে একটি Track with Shop লিঙ্ক চালু করতে, আপনার Shopify অ্যাডমিনের সেলস চ্যানেল > Shop > সেটিংস-এ যান। Track with Shop সেকশন থেকে চেকআউট সেটিংসে ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
Track with Shop সেটআপ করা সম্পর্কে আরও জানুন।
সমর্থিত শিপিং ক্যারিয়ার
Shopify-এর মাধ্যমে কেনা শিপিং লেবেল এবং Shopify-এর বাইরের অধিকাংশ ক্যারিয়ারের জন্য ট্র্যাকিংয়ের সহায়তা দেওয়া হয়। আপনার কাছে কোন ক্যারিয়ারগুলো উপলব্ধ থাকবে, তা নির্ভর করে আপনি কীভাবে অর্ডার পূরণ করেন তার ওপর।
Shopify-সমর্থিত ক্যারিয়ার
আপনি যখন আপনার Shopify অ্যাডমিনের মাধ্যমে একটি শিপিং লেবেল কেনেন, তখন ট্র্যাকিং স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্যারিয়ারের উপলভ্যতা আপনার ডিফল্ট শিপিং লোকেশনের ওপর নির্ভর করে।
Shopify-এর সাথে একীভূত হওয়া শিপিং ক্যারিয়ারগুলো সম্পর্কে আরও জানুন।
তৃতীয়-পক্ষের শিপিং ক্যারিয়ার
আপনি যদি Shopify-এর সাথে একীভূত নয় এমন কোনো ক্যারিয়ারের মাধ্যমে শিপ করেন, তবুও অর্ডার পূরণ করার সময় ট্র্যাকিং নম্বর লিখে ট্র্যাকিং সুবিধা দিতে পারেন। Shopify বিশ্বজুড়ে শত শত ক্যারিয়ারের ট্র্যাকিং নম্বর শনাক্ত করতে পারে, যার মধ্যে DHL, UPS, FedEx, Canada Post, Australia Post এবং EVRi-এর মতো বড় ক্যারিয়ারগুলো রয়েছে৷ আপনার গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ক্লিকযোগ্য ট্র্যাকিং লিঙ্ক জেনারেট হয়।
সমর্থিত ট্র্যাকিং ক্যারিয়ারগুলির সম্পূর্ণ তালিকার জন্য, Shopify API ডকুমেন্টেশনে সমর্থিত ট্র্যাকিং কোম্পানিগুলি দেখুন।
ফুলফিলমেন্টের সময় আপনার ক্যারিয়ারটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত না হলে বা ভুল ক্যারিয়ার শনাক্ত করা হলে, আপনি নিচের যেকোনো একটি কাজ করতে পারেন:
- ফুলফিলমেন্টের সময় শিপিং ক্যারিয়ার ড্রপডাউন থেকে সঠিক ক্যারিয়ার নির্বাচন করুন। আপনার ম্যানুয়াল নির্বাচন স্বয়ংক্রিয় শনাক্তকরণের চেয়ে অগ্রাধিকার পায়।
- ক্যারিয়ারটি তালিকায় না থাকলে অন্যান্য নির্বাচন করুন। আপনার ক্যারিয়ারের প্রদান করা সম্পূর্ণ ট্র্যাকিং URL লিখুন।
গ্রাহকরা লিঙ্কে ক্লিক করে ক্যারিয়ারের ওয়েবসাইটে গিয়ে তাদের ট্র্যাকিংয়ের বিবরণ পর্যালোচনা করতে পারেন।
অর্ডার ট্র্যাকিং ট্রাবলশুটিং
অর্ডারের ট্র্যাকিং সংক্রান্ত তথ্য আপনার প্রত্যাশামতো না হলে, নিচের সাধারণ সমস্যা এবং সমাধানগুলো পর্যালোচনা করুন।
অনুপস্থিত ট্র্যাকিং নম্বর ট্রাবলশুট করুন
কিছু ক্যারিয়ার পরিষেবাতে ট্র্যাকিং নম্বর অন্তর্ভুক্ত থাকে না, সাধারণত ট্র্যাকিংয়ের চেয়ে দামকে অগ্রাধিকার দেওয়া কম খরচের পরিষেবাগুলোতে এমনটি হয়। ট্র্যাকিং নম্বর ছাড়া শিপ করা প্যাকেজ ট্র্যাক করা যায় না, তাই ট্র্যাকিং গুরুত্বপূর্ণ হলে এমন কোনো পরিষেবা কিনুন যেখানে ট্র্যাকিংয়ের সুবিধা অন্তর্ভুক্ত আছে।
নিচের পরিষেবাগুলোতে ট্র্যাকিং অন্তর্ভুক্ত নেই:
- USPS First Class Mail
- Canada Post Small Packet USA Air, International Parcel Surface, International Parcel Air, Small Packet International Air এবং Small Packet International Surface
যদি কোনো সম্পন্ন হওয়া অর্ডারের ক্যারিয়ার এবং ট্র্যাকিং নম্বর না থাকে বা স্ট্যাটাস অনুরোধ করা হয়েছে হিসেবে থাকে, তাহলে প্রসেস করার জন্য অর্ডারটি কোনো তৃতীয়-পক্ষের ফুলফিলমেন্ট অ্যাপের কাছে থাকতে পারে। ট্র্যাকিং তথ্যের জন্য ওই অ্যাপের সহায়তার সাথে যোগাযোগ করুন।
লেবেলের সাথে অমিল থাকা ট্র্যাকিং নম্বর ট্রাবলশুট করুন
USPS শিপমেন্টের জন্য, আপনার Shopify অ্যাডমিনে অর্ডারের ট্র্যাকিং নম্বরে লেবেলে প্রিন্ট করা নম্বরের চেয়ে বেশি ডিজিট থাকতে পারে। এটি স্বাভাবিক। বড় নম্বরটি হলো আনুষ্ঠানিক ট্র্যাকিং নম্বর এবং লেবেলে শুধু প্যাকেজ শনাক্তকরণ কোড প্রিন্ট করা হয়। যেকোনো সংস্করণ দিয়েই একই শিপমেন্ট ট্র্যাক করা যায়।
পুরোনো বা অপ্রাসঙ্গিক ইভেন্ট দেখানো ট্র্যাকিং ট্রাবলশুট করুন
শিপিংয়ের ব্যস্ত সময়ে অনেক সময় ক্যারিয়াররা ট্র্যাকিং নম্বর আবার ব্যবহার করে, তাই ট্র্যাকিং পেজে আগের শিপমেন্টের ইভেন্ট দেখানো হতে পারে। USPS এবং Canada Post-এর ক্ষেত্রে এটি রিপোর্ট করা হয়েছে। ক্যারিয়ার আপনার নতুন লেবেলটি স্ক্যান করার পর, ট্র্যাকিং পেজ আপনার শিপমেন্ট অনুযায়ী আপডেট হয়ে যায়।
নতুন প্যাকেজটি স্ক্যান করার পরও কিছু শিপমেন্টে আগের ইভেন্টগুলো থেকে যায়। এটি ক্যারিয়ারের নিজস্ব ট্র্যাকিং সিস্টেমে ঘটে, তাই Shopify থেকে ইভেন্টগুলো মুছে ফেলা যায় না। আপনার শিপমেন্টটি চলমান থাকার পরও যদি ট্র্যাকিং পেজে আগের ইভেন্টগুলো দেখায়, তাহলে ট্র্যাকিং নম্বর নিয়ে ক্যারিয়ারের সাথে যোগাযোগ করুন।
অর্ডারে থাকা ভুল শিপিং ক্যারিয়ার ট্রাবলশুট করুন
আপনি কোনো ক্যারিয়ার নির্বাচন না করেই ট্র্যাকিং নম্বর যোগ করলে, অথবা আপনার নির্বাচিত ক্যারিয়ারে ট্র্যাকিংয়ের সমর্থন না থাকলে ট্র্যাকিং নম্বরটি পরিচিত ক্যারিয়ারের নম্বর ফর্ম্যাটের সাথে মিলিয়ে দেখা হয়।
অনেক ক্যারিয়ারের কোনো শনাক্তযোগ্য নম্বর ফর্ম্যাট থাকে না, আবার কিছু ক্যারিয়ার একে অপরের সাথে একটি ফর্ম্যাট শেয়ার করে, তাই অর্ডারে থাকা ক্যারিয়ারটি ফাঁকা বা ভুল হতে পারে।
এটি ঠিক করতে শিপিং ক্যারিয়ার ড্রপডাউন থেকে ক্যারিয়ার নির্বাচন করুন, অথবা অন্যান্য নির্বাচন করুন এবং ক্যারিয়ারের ট্র্যাকিং URL লিখুন। আপনার নির্বাচন স্বয়ংক্রিয় শনাক্তকরণের চেয়ে অগ্রাধিকার পায়।
যদি কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ আপনার ট্র্যাকিং তথ্য যোগ করে, তাহলে অ্যাপটিকে নম্বরের সাথে ক্যারিয়ার এবং ট্র্যাকিং URL পাঠাতে হবে। যখন কোনো অ্যাপ শুধু নম্বর পাঠায়, তখন স্বয়ংক্রিয়ভাবে ক্যারিয়ারটি শনাক্ত করা হয় এবং এর ফলাফল হিসেবে দেখানো ক্যারিয়ারটি আপনার ব্যবহৃত ক্যারিয়ারের সাথে না-ও মিলতে পারে।
শিপমেন্ট ওপেন হয় না এমন ট্র্যাকিং লিঙ্ক ট্রাবলশুট করুন
ট্র্যাকিং লিঙ্কে সবসময় কোনো নির্দিষ্ট শিপমেন্টের বিবরণ ওপেন হয় না। FedEx-এর মতো ক্যারিয়ারগুলো এমন একটি URL ব্যবহার করে যেখানে ট্র্যাকিং নম্বর অন্তর্ভুক্ত থাকে, ফলে লিঙ্ক থেকে সরাসরি শিপমেন্টটি ওপেন হয়। অন্যান্য ক্যারিয়ারগুলো, বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ক্যারিয়ারগুলো প্রতিবার ট্র্যাকিং পেজ ওপেন হওয়ার সময় একটি নতুন সেশন তৈরি করে, ফলে লিঙ্ক থেকে তাদের ট্র্যাকিং পেজ ওপেন হয় এবং আপনার গ্রাহককে ট্র্যাকিং নম্বরটি লিখতে হয়।
ভুল দেশ দেখানো ট্র্যাকার ট্রাবলশুট করুন
ট্র্যাকিং পেজে ভুল দেশের সঠিক শহর দেখানো হতে পারে, যেমন এডমন্টন, কানাডার পরিবর্তে এডমন্টন, অস্ট্রেলিয়া। এমনটি তখনই ঘটে, যখন ক্যারিয়ার কোনো অঞ্চল বা দেশ ছাড়া শুধু শহরের নাম রিপোর্ট করে এবং একাধিক শহরের নাম একই হয়। ক্যারিয়ার কোনো অঞ্চল বা দেশ অন্তর্ভুক্ত করে স্ক্যান রিপোর্ট করলে লোকেশনটি সাধারণত নিজেই ঠিক হয়ে যায়। ভুল দেশ দেখানো অব্যাহত থাকলে আপনার ট্র্যাকিং নম্বর নিয়ে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।