থিমের জন্য অ্যাক্সেসিবিলিটি
আপনি যখন আপনার থিম কাস্টমাইজ করবেন, তখন এমন ডিজাইন এবং কনটেন্ট বেছে নিন যা আপনার অনলাইন স্টোরটিকে অ্যাক্সেসযোগ্য রাখতে সাহায্য করে। একটি অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি প্রতিবন্ধী ব্যক্তিসহ সবাই ব্যবহার করতে পারে। অ্যাক্সেসিবিলিটির কথা মাথায় রেখে আপনার অনলাইন স্টোরের জন্য বিষয়গুলো বেছে নিলে তা আপনার সব গ্রাহকের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করবে।
নিচের নির্দেশিকাগুলো Web Content Accessibility Guidelines (WCAG)-এর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যেহেতু একটি অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইট তৈরি করার সময় অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়, তাই শুধু নিচের নির্দেশিকাগুলো অনুসরণ করলেই আপনার অনলাইন স্টোরটি পুরোপুরি অ্যাক্সেসযোগ্য হওয়ার নিশ্চয়তা দেয় না। আপনি WCAG ওয়েবসাইটে গিয়ে বা নিচে তালিকাভুক্ত রিসোর্সগুলো দেখে ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আরও জানতে পারেন।
এই পেজে
টেক্সট অ্যাক্সেসিবিলিটি
আপনার অনলাইন স্টোরের টেক্সটগুলো যাতে দৃষ্টিপ্রতিবন্ধী বা ঘন টেক্সট পড়তে সমস্যা হয় এমন গ্রাহকরা সহজেই পড়তে পারেন, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
রঙের কন্ট্রাস্ট
আপনার অনলাইন স্টোরের রং এডিট করার সময়, নিশ্চিত করুন যে আপনার সব টেক্সট বর্ণান্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের কাছে অ্যাক্সেসযোগ্য। এই গ্রাহকরা চোখের দেখায় একটি বিষয় থেকে অন্যটিকে আলাদা করতে পর্যাপ্ত রঙের কন্ট্রাস্টের ওপর নির্ভর করেন। আপনার স্টোরের বিভিন্ন অংশের কন্ট্রাস্ট চেক করতে আপনি একটি অনলাইন contrast ratio tool ব্যবহার করতে পারেন।
নিচের উদাহরণে, টেক্সটের ব্যাকগ্রাউন্ডের বিপরীতে কন্ট্রাস্ট অনুপাত 2.4:1 এবং কিছু গ্রাহকের জন্য এটি পড়া বেশ কঠিন।

পরের উদাহরণে, টেক্সটের ব্যাকগ্রাউন্ডের বিপরীতে কন্ট্রাস্ট অনুপাত 4.8:1 এবং এটি অনেক গ্রাহকের জন্যই পড়া বেশ সহজ।

বডি টেক্সট, হেডিং, লিঙ্ক এবং ফর্ম ফিল্ডসহ সব টেক্সটের কন্ট্রাস্ট পরীক্ষা করুন। নিচের নির্দেশিকাগুলো ব্যবহার করুন:
- বডি টেক্সট এবং বাটন টেক্সটের রঙের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের বিপরীতে কমপক্ষে 4.5:1 কন্ট্রাস্ট অনুপাত থাকে।
- হেডিং এবং অন্যান্য বড় টেক্সটের (ফন্ট সাইজ 24 px এবং এর বেশি) রঙের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের বিপরীতে কমপক্ষে 3:1 কন্ট্রাস্ট অনুপাত থাকে।
- স্লাইডশো, ব্যানার এবং ভিডিওসহ ছবির ওপর থাকা সব টেক্সটের রঙের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের বিপরীতে পর্যাপ্ত কন্ট্রাস্ট অনুপাত থাকে। বড় টেক্সটের (ফন্ট সাইজ 24 px এবং এর বেশি) ক্ষেত্রে, কন্ট্রাস্টটি কমপক্ষে 3:1 হয়। তুলনামূলক ছোট টেক্সটের ক্ষেত্রে কন্ট্রাস্টটি কমপক্ষে 4.5:1 হয়।
- ইনপুট বর্ডার ও আইকনসহ নন-টেক্সট উপাদানগুলোর রঙের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের বিপরীতে কমপক্ষে 3:1 কন্ট্রাস্ট অনুপাত থাকে।
টেক্সট হেডিং
আপনি যখন রিচ টেক্সট এডিটর দিয়ে আপনার পেজে হেডিং যোগ করবেন, তখন এগুলোকে ক্রমানুসারে (1 - 6) রাখা গুরুত্বপূর্ণ। পেজের কনটেন্ট কীভাবে সাজানো হয়েছে, তা বোঝাতে সহায়ক প্রযুক্তিগুলো হেডিং ব্যবহার করে। লেভেল এড়িয়ে যাওয়া, যেমন হেডিং লেভেল 2-এর পর হেডিং লেভেল 4 ব্যবহার করাটা ব্যবহারকারীদের কাছে বিভ্রান্তিকর হতে পারে। নিচের নির্দেশিকাটি ব্যবহার করুন:
- হেডিং ক্রমানুসারে ব্যবহার করা হয় এবং এর লেভেলগুলো এড়িয়ে যাওয়া হয় না।
টেক্সট সাইজ এবং অ্যালাইনমেন্ট
আপনি যখন আপনার থিমের টাইপোগ্রাফি সেটিংস এডিট করবেন, তখন আপনার টেক্সটগুলো গ্রাহকদের স্বাচ্ছন্দ্যে পড়ার মতো যথেষ্ট বড় কি না তা নিশ্চিত করুন।
সহজে পড়ার জন্য টেক্সটের শব্দ এবং অক্ষরগুলোর মধ্যেও সমান ব্যবধান থাকা উচিত। নিচের উদাহরণে, টেক্সট অ্যালাইনমেন্টটি জাস্টিফাই করা হয়েছে, যা শব্দগুলোর মাঝে অসমান ব্যবধান তৈরি করে।

পরের উদাহরণে, টেক্সট অ্যালাইনমেন্টটি বামদিকে অ্যালাইন করা হয়েছে, যা শব্দগুলোর মাঝখানে সমান ব্যবধান তৈরি করে।

টেক্সটের সাইজ এবং অ্যালাইনমেন্ট কাস্টমাইজ করার সময়, নিচের নির্দেশিকাগুলো ব্যবহার করুন:
- বডি টেক্সটের জন্য সর্বনিম্ন ফন্ট সাইজ 16 px-এর সমতুল্য হয়।
- টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই করা থাকে না। জাস্টিফাই করা টেক্সট শব্দগুলোর মাঝে অসমান ব্যবধান তৈরি করে।
টেক্সট লিঙ্ক
টেক্সট লিঙ্কগুলো আন্ডারলাইন করা থাকা উচিত অথবা সাধারণ টেক্সটের তুলনায় অন্য কোনো দৃশ্যত আলাদা স্টাইল থাকা উচিত। যেহেতু কিছু গ্রাহকের রং দেখতে সমস্যা হয়, তাই সাধারণ টেক্সট থেকে একটি লিঙ্ককে আলাদা করার জন্য শুধু রঙের পরিবর্তনের ওপর নির্ভর করা যায় না।
টেক্সট লিঙ্কগুলো একই ট্যাবে খোলা উচিত। নতুন ট্যাব বা উইন্ডোতে খোলা লিঙ্কগুলো বিভ্রান্তির কারণ হতে পারে, বিশেষ করে মোবাইলে যেখানে পুরোনো উইন্ডোটি দেখা যায় না। এছাড়া এটি গ্রাহকদের, বিশেষ করে স্ক্রিন ম্যাগনিফিকেশন ব্যবহার করা বা কম প্রযুক্তিজ্ঞান থাকা গ্রাহকদের জন্য অন্তর্ভুক্তিমূলক নয়।
আপনি যদি আপনার থিমের স্টাইলশিট এডিট করেন, তবে নিশ্চিত করুন যে আপনি টেক্সট লিঙ্কের স্টাইলগুলো সরিয়ে দিচ্ছেন না। নিচের নির্দেশিকাগুলো ব্যবহার করুন:
- টেক্সট লিঙ্কগুলোতে আন্ডারলাইন থাকে বা শুধুমাত্র রঙ ব্যতীত অন্য কোনো দৃশ্যত পার্থক্য থাকে, যাতে গ্রাহকরা সাধারণ টেক্সট থেকে লিঙ্কগুলোকে আলাদা করতে পারেন।
- টেক্সট লিঙ্কে ক্লিক করা হলে তা একই ট্যাবে খোলে।
ছবির জন্য বিকল্প টেক্সট
আপনি যখন আপনার অনলাইন স্টোরে ছবি যোগ করবেন, তখন সেগুলো দৃষ্টিহীন বা দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের কাছে অ্যাক্সেসযোগ্য করা গুরুত্বপূর্ণ। প্রতিটি ছবির সঠিকভাবে বর্ণনা করে এমন বিকল্প টেক্সট যোগ করার মাধ্যমে আপনি এটি করতে পারেন। যেসব গ্রাহক স্ক্রিন রিডার ব্যবহার করেন, তারা আপনার অনলাইন স্টোরে থাকা ছবির কনটেন্ট বুঝতে অল্ট টেক্সটের ওপর নির্ভর করেন।
আপনি Shopify অ্যাডমিন থেকে আপনার পণ্যের ছবিতে অল্ট টেক্সট যোগ করতে পারেন। থিম এডিটর থেকে আপনি আপনার থিমের অন্যান্য ছবিতে অল্ট টেক্সট যোগ করতে পারবেন।
আপনি যখন কোনও ছবিতে অল্ট টেক্সট যোগ করেন, তখন এমনভাবে ছবির বর্ণনা দেওয়া ভালো, যেন আপনি চোখ বন্ধ থাকা কাউকে ছবিটি ব্যাখ্যা করছেন। মনে মনে একটি ছবি তৈরি করতে তাদের সাহায্য করুন। আপনার ওয়েবপেজের প্রসঙ্গের উপরেও ছবির বর্ণনা দেওয়া নির্ভর করে। উদাহরণস্বরূপ, আপনার ব্যবসা যদি কোনও ট্রাভেল এজেন্সি হয়, তাহলে আপনি যেভাবে একটি ছবির বর্ণনা দেবেন, তা আউটডোর সরঞ্জামের স্টোরের চেয়ে আলাদা হতে পারে। নিচের ছবিটির কথা বিবেচনা করুন:

একটি ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে, আপনি সেই দেশ এবং অঞ্চলের কথা উল্লেখ করতে পারেন যেখানে দুই বন্ধু ভ্রমণ করছে এবং তারা যে সাগর বা মহাসাগরের দিকে তাকিয়ে আছে তার নাম বলতে পারেন। অন্যদিকে, একটি আউটডোর সরঞ্জাম স্টোরের ক্ষেত্রে, আপনি দুই বন্ধুর ব্যাকপ্যাকের ব্র্যান্ড ও বৈশিষ্ট্যগুলোতে ফোকাস করতে পারেন।
যদি আপনার ব্যবসা একটি ট্রাভেল এজেন্সি হয়, তাহলে নিম্নমানের অল্ট টেক্সটের একটি উদাহরণ হতে পারে, “সমুদ্রের সামনে দুজন মানুষ।” একই এজেন্সির ক্ষেত্রে, ভালো অল্ট টেক্সটের একটি উদাহরণ হতে পারে, “দুজন বন্ধু পর্তুগালের লাগোসে ভ্রমণ করছে, একটি রৌদ্রোজ্জ্বল দিনে প্রাইয়া দো ক্যামিলোর বালুকাময় উপসাগরের দিকে তাকিয়ে আছে।”
স্লাইডশো এবং ভিডিওর অ্যাক্সেসিবিলিটি
আপনি যখন আপনার অনলাইন স্টোরে ভিডিও যোগ করবেন, তখন নিশ্চিত করুন যে আপনি দৃষ্টিহীন, বধির বা কম শুনতে পাওয়া অথবা ভেস্টিবুলার ডিসঅর্ডার থাকতে পারে এমন গ্রাহকদের প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করছেন।
এসব গ্রাহকের মধ্যে কেউ কেউ স্ক্রিন রিডারগুলোর টেক্সট টু স্পিচ সক্ষমতার উপর নির্ভর করেন, যা একটি ওয়েবপেজের কনটেন্ট জোরে পড়ে শোনায়। ভিডিও এবং মিউজিক থেকে আসা অতিরিক্ত অডিও, বিশেষ করে যখন এটি অপ্রত্যাশিত হয়, তখন এই অভিজ্ঞতাকে কঠিন করে তুলতে পারে। যেসব গ্রাহক বধির বা কম শোনেন তাদের জন্য ভিডিওতে ক্লোজড ক্যাপশনিং যোগ করা একটি ভালো ধারণা হতে পারে, যাতে তারা কনটেন্ট অ্যাক্সেস করতে পারেন।
ভেস্টিবুলার ডিসঅর্ডারে আক্রান্ত গ্রাহকরা চলন্ত কনটেন্ট দেখে মাথা ঘোরার অভিজ্ঞতা পেতে পারেন। এই কারণে, এটি গুরুত্বপূর্ণ যে স্লাইডশো এবং ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে যেন না চলে এবং গ্রাহক যাতে কন্ট্রোল বাটন দিয়ে স্লাইডশোগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।
স্লাইডশো
আপনার অনলাইন স্টোরে স্লাইডশো যোগ করার সময়, নিচের নির্দেশিকাগুলো ব্যবহার করুন:
- স্লাইডশো স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না।
- স্লাইডশোগুলো স্বয়ংক্রিয়ভাবে প্লে হলে, সেগুলোতে স্লাইডশো কন্ট্রোল থাকে যা ব্যবহার করে গ্রাহকরা স্লাইডশো পজ করতে, সামনে এগিয়ে নিতে বা থামাতে পারেন।
ভিডিও
আপনার অনলাইন স্টোরে ভিডিও যোগ করার সময়, নিচের নির্দেশিকাগুলো ব্যবহার করুন:
- ভিডিও স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না।
- ভিডিও স্বয়ংক্রিয়ভাবে প্লে হলে, সেগুলোর অডিও মিউট করা থাকে।
- অডিও থাকা ভিডিওগুলোর ক্ষেত্রে, ভিডিওটি সম্পূর্ণ দৃশ্যমান হয় এবং পেজের অন্যান্য উপাদানের কারণে বাধাগ্রস্ত হয় না। এতে ক্লোজড ক্যাপশনগুলো দৃশ্যমান থাকতে পারে।
- যেসব ভিডিওতে ডায়ালগ আছে, সেগুলোর ক্ষেত্রে টেক্সট ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়। এগুলো পেজের ভেতরে বা আলাদা কোনও পেজের লিঙ্কে অন্তর্ভুক্ত থাকে।
এই নির্দেশিকাগুলো স্লাইডশোতে থাকা ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য।
কিবোর্ড সহায়তা
দৃষ্টি বা চলন প্রতিবন্ধী গ্রাহকরা অনলাইনে নেভিগেট করতে এবং কাজ সম্পূর্ণ করতে কিবোর্ড ব্যবহার করতে পারেন। একটি ওয়েবপেজে তাদের কিবোর্ডের ফোকাস কোথায় আছে তা বোঝার জন্য এই গ্রাহকরা ভিজ্যুয়াল ইন্ডিকেটরের ওপর নির্ভর করেন। নিচের উদাহরণে, ইমেইল ফিল্ডে একটি ভিজ্যুয়াল ফোকাস ইন্ডিকেটর আছে:

আপনি যদি আপনার থিমের স্টাইলশিট এডিট করেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি কোনও পেজের উপাদান থেকে কিবোর্ড ফোকাস স্টাইল সরিয়ে দেননি। নিচের নির্দেশিকাটি ব্যবহার করুন:
- সবগুলো ইন্টারেক্টিভ পেজ উপাদানে কিবোর্ড ফোকাস থাকলে সেগুলোতে একটি স্পষ্ট ভিজ্যুয়াল ইন্ডিকেটর থাকে। এসব উপাদানের মধ্যে আছে লিঙ্ক, বাটন এবং ফর্ম ফিল্ড।
রিসোর্স
এই আর্টিকেলে আলোচনা করা বিষয়গুলোর জন্য ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আরও জানতে, নিচের রিসোর্সগুলো দেখুন।
কালার কন্ট্রাস্টের রিসোর্স
- ওয়েব অ্যাক্সেসিবিলিটি ইনিশিয়েটিভের একটি আর্টিকেল Colors with Good Contrast
- দুটি রঙের মধ্যে কন্ট্রাস্ট অনুপাত খুঁজে পেতে ব্যবহার করার মতো একটি অনলাইন টুল Contrast Ratio
- ডাউনলোডের জন্য কন্ট্রাস্ট অনুপাতের অ্যাপ্লিকেশন Color Contrast Analyzer, যা Paciello Group তৈরি করেছে
টেক্সট রিসোর্স
- Smashing Magazine-এর একটি আর্টিকেল 16 Pixels Font Size: For Body Copy. Anything Less Is A Costly Mistake
- Web AIM-এর একটি আর্টিকেল Text alignment
- Web AIM-এর একটি আর্টিকেল Link Appearance
- Web AIM-এর একটি আর্টিকেল Using Headings for Content Structure
বিকল্প টেক্সট রিসোর্স
- ওয়েব অ্যাক্সেসিবিলিটি ইনিশিয়েটিভের একটি আর্টিকেল Text to Speech
- Web AIM-এর একটি আর্টিকেল Alternative Text
- Medium-এর একটি আর্টিকেল Considerations when writing alt text।
স্লাইডশো এবং ভিডিওর রিসোর্স
- The A11Y Project-এর একটি আর্টিকেল A Primer to Vestibular Disorders
- ওয়েব অ্যাক্সেসিবিলিটি ইনিশিয়েটিভের একটি আর্টিকেল Text to Speech
- ওয়েব অ্যাক্সেসিবিলিটি ইনিশিয়েটিভের একটি আর্টিকেল Video Captions
- YouTube Help-এর একটি আর্টিকেল Use automatic captioning
- Vimeo হেল্প সেন্টারের একটি আর্টিকেল Captions and subtitles
- Nielsen Norman Group-এর একটি আর্টিকেল Carousel usability
কিবোর্ড সহায়তার রিসোর্স
- ওয়েব অ্যাক্সেসিবিলিটি ইনিশিয়েটিভের একটি আর্টিকেল Keyboard Compatibility
- Google Developers-এর একটি আর্টিকেল Introduction to Focus