আপনার ব্যবসায় কীভাবে বিনিয়োগ করবেন তা বেছে নেওয়া
যেকোনো ব্যবসার মতো, আপনার ড্রপশিপিং ব্যবসাকে সফল করতে হলে আপনাকে অবশ্যই সময় এবং অর্থ বিনিয়োগ করতে হবে। যদিও আপনি ব্যবসার প্রতিটি ক্ষেত্রে কী বিনিয়োগ করবেন তা বেছে নিতে পারেন, তবে সাধারণত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সময় এবং অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলেই ড্রপশিপিং সবচেয়ে ভালোভাবে কাজ করে।
কোথায় আপনার সময় বিনিয়োগ করবেন তার উদাহরণ
একটি ড্রপশিপিং ব্যবসার অনেকগুলো অংশ থাকে, যেমন পণ্য, অর্ডার, ডিজাইন, মার্কেটিং, গ্রাহকের সাফল্য, শিপিং, পেমেন্ট এবং সরবরাহকারী। ব্যবসার প্রসারের সাথে সাথে সঠিক সিদ্ধান্ত নিতে, প্রতিটি অংশ কীভাবে কাজ করে তা আপনাকে বুঝতে হবে।
মূল অংশগুলো নিজে তৈরি করার জন্য সময় বিনিয়োগ করা একটি ভালো উপায়, যাতে আপনি বুঝতে পারেন আপনার ব্যবসা কীভাবে কাজ করে। একটি ড্রপশিপিং ব্যবসা তৈরি করার সময় কোথায় সময় বিনিয়োগ করা ভালো, নিচে তার কয়েকটি উদাহরণ দেওয়া হলো।
সরবরাহকারী বেছে নেওয়া - পণ্যের মান, অর্ডার প্রক্রিয়াকরণের গতি এবং অর্ডারের প্যাকেজিংয়ের ওপর নির্ভর করে আপনার গ্রাহকরা ভালো রিভিউ দেবেন কি না, অন্যদের কাছে আপনার স্টোরের সুপারিশ করবেন কি না বা আপনার স্টোর থেকে আবার অর্ডার করবেন কি না। আপনি যদি বিভিন্ন সরবরাহকারী সম্পর্কে গবেষণা করার জন্য সময় ব্যয় করেন, তবে আপনি বুঝতে পারবেন কাদের সাথে আপনার ব্যবসা শুরু করা উচিত এবং কাদেরকে পরবর্তীতে ব্যবহার করা যুক্তিসঙ্গত হতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি এমন একজন সরবরাহকারী পেতে পারেন যার চমৎকার মানের পণ্য, দ্রুত অর্ডার প্রক্রিয়াকরণ এবং কাস্টম প্যাকেজিংয়ের বিকল্প রয়েছে, কিন্তু তাদের ন্যূনতম অর্ডারের পরিমাণ বেশি। তাই শুরু করার জন্য, আপনি অন্য সরবরাহকারীর ন্যূনতম অর্ডারের পরিমাণ পূরণ করার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত এমন কাউকে বেছে নিতে পারেন যার কোনো ন্যূনতম অর্ডারের পরিমাণ নেই, যার পণ্যের মান ভালো, কিন্তু অর্ডার প্রক্রিয়াকরণ ধীর এবং প্যাকেজিং সাধারণ।
সরবরাহকারী বেছে নেওয়ার বিষয়ে আরও তথ্যের জন্য, সরবরাহকারী বেছে নেওয়া দেখুন।
পণ্য বেছে নেওয়া - আপনি যদি কোন পণ্যগুলো বিক্রি করবেন তা জানার জন্য সময় বিনিয়োগ করেন, তবে আপনি আরও ভালোভাবে পণ্যের মান বিচার করতে, সঠিক মূল্য নির্ধারণ করতে এবং ড্রপশিপিংয়ের জন্য অন্য আর কী কী পণ্য পাওয়া যায় তা জানতে পারবেন।
উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি মহিলাদের পোশাক বিক্রি করেন এবং সেগুলোকে লাল, নীল, সবুজ এবং ধূসর হিসেবে তালিকাভুক্ত করেছেন। তা সত্ত্বেও, আপনি পোশাকগুলোর নির্দিষ্ট রঙ জানতে চেয়ে ইমেইল পাচ্ছেন, কারণ একেকটি কম্পিউটারের স্ক্রিন প্রতিটি রঙের সামান্য ভিন্ন আভা দেখায়। আপনি বুঝতে পারলেন যে, আপনার গ্রাহকরা চান তাদের পার্টনাররা যেন তাদের পোশাকের সাথে মিলিয়ে পরতে পারে। যেহেতু আপনি শুরুতে আপনার পণ্যগুলো নিয়ে গবেষণা করেছিলেন, তাই আপনি জানেন যে আপনার সরবরাহকারী ওই একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অন্যান্য পোশাকও অফার করে থাকে। আপনার সরবরাহকারীর অন্যান্য পণ্য সম্পর্কে জানা থাকায় এখন আপনি আপনার পোশাকের সাথে অ্যাড-অন পণ্য হিসেবে ম্যাচিং টাই, স্কার্ফ এবং রুমাল যুক্ত করতে পারবেন।
পণ্য বেছে নেওয়ার বিষয়ে আরও তথ্যের জন্য, বিক্রির জন্য পণ্য বেছে নেওয়া দেখুন।
আপনার গ্রাহক এবং মার্কেট সম্পর্কে জানা - আপনার গ্রাহকদের জনমিতি এবং মার্কেটের ট্রেন্ডগুলো বোঝা আপনাকে আরও ভালো মার্কেটিংয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন কোন ধরনের ডিসকাউন্ট অফার করতে হবে এবং কোথায় আপনার মার্কেটিং ইফোর্ট কাজে লাগাতে হবে।
উদাহরণস্বরূপ, আপনি হয়তো পুরুষদের জুতো বিক্রি করেন এবং বুঝতে পারলেন যে কমবয়সী পুরুষরা নির্দিষ্ট কিছু ব্র্যান্ড পছন্দ করেন, অন্যদিকে বয়স্ক পুরুষরা অন্য ব্র্যান্ড পছন্দ করেন। আপনি যদি দেখেন যে কমবয়সী পুরুষরা জুতো কেনার ক্ষেত্রে বয়স্ক পুরুষদের তুলনায় সাধারণত কম টাকা খরচ করেন, তবে কনভার্সন রেট বাড়াতে আপনি কমবয়সী পুরুষদের পছন্দের ব্র্যান্ডগুলোতে ফ্রি শিপিং বা কিছু শতাংশ ছাড় দিতে পারেন। এছাড়া, আপনার অর্ডারের গড় মূল্য বাড়ানোর জন্য বয়স্ক পুরুষদের পছন্দের ব্র্যান্ডগুলোতে আপনি অ্যাড-অন বা
buy one, get one half-off(একটি কিনলে, আরেকটির দামে অর্ধেক ছাড়) ডিল অফার করতে পারেন।নতুন স্কিল শেখা - আপনার ব্যবসার কাজ করার জন্য সময় বিনিয়োগ করলে আপনি শিখতে পারবেন কীভাবে একটি ব্যবসার প্রতিটি অংশ পরিচালনা করতে হয়, যা আপনার ভবিষ্যতের সব প্রোজেক্টে সাহায্য করতে পারে। আপনি যদি প্রথমে নিজে সমস্ত কাজ করার চেষ্টা করেন, তবে আপনি জানতে পারবেন আপনাকে সাহায্য করার জন্য কোন টুলগুলো রয়েছে এবং ব্যবসার প্রসারের সাথে সাথে একজন কর্মচারী নিয়োগ করার জন্য কোন স্কিলগুলো মূল্যবান হতে পারে। এছাড়াও, এর মাধ্যমে একটি ব্যবসার প্রতিটি অংশে কী কী কাজ করতে হয় তা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন।
উদাহরণস্বরূপ, আপনি ডিজাইনার না হলেও আপনার প্রথম ওয়েবসাইট, লোগো এবং মার্কেটিং নিউজলেটার ডিজাইন করার চেষ্টা করতে পারেন। এটি করার মাধ্যমে, আপনি জানতে পারবেন নির্দিষ্ট কিছু ডিজাইনের উপাদানকে কী বলা হয়, যেমন হেক্স কোড, h1 হেডার এবং অবিন্যস্ত তালিকা। এর ফলে পরবর্তীতে আপনি যখন কোনো ডিজাইনার নিয়োগ করবেন, তখন আপনি আসলে কী চান তা আরও ভালোভাবে তাকে বুঝিয়ে বলতে পারবেন।
কোথায় আপনার অর্থ বিনিয়োগ করবেন তার উদাহরণ
আপনার ব্যবসা শুরু করার জন্য যদি আগে থেকে কিছু অর্থ জমানো থাকে, তবে আপনি কিছু কাজের দায়িত্ব ফ্রিল্যান্সার বা কোনো Shopify পার্টনার-কে দিতে পারেন। এটি ড্রপশিপিং ব্যবসার এমন কিছু অংশে সাহায্য করতে পারে, যার জন্য বিশেষজ্ঞের জ্ঞান বা স্কিল প্রয়োজন হয় এবং সেগুলো শিখতে অনেক সময় লাগতে পারে।
একটি ড্রপশিপিং ব্যবসা তৈরি করার সময় কোথায় অর্থ বিনিয়োগ করা ভালো, নিচে তার কয়েকটি উদাহরণ দেওয়া হলো।
আপনার ওয়েবসাইটে অতিরিক্ত ফিচার যুক্ত করা - Shopify App Store-এ শত শত অনন্য অ্যাপ রয়েছে, যা আপনার ব্যবসায় অতিরিক্ত ফিচার যুক্ত করতে পারে। কোনো অতিরিক্ত ফিচারের মাধ্যমে যদি আপনার ব্যবসার উপকার হয়, তবে একটি অ্যাপে বিনিয়োগ করলে তা আপনার ব্যবসার সাফল্যকে ত্বরান্বিত করতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি হয়তো আপনার গ্রাহকদের তাদের অর্ডারে ছবি বা টেক্সট যোগ করে পণ্যগুলো কাস্টমাইজ করার সুযোগ দিতে চাইতে পারেন। গ্রাহকদের দেওয়া ডেটা পেতে কোড শেখার পেছনে এবং ওয়েবসাইটগুলো একে অপরের সাথে কীভাবে যোগাযোগ করে তা জানার পেছনে সময় ব্যয় করার বদলে, একটি অ্যাপের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে এই ফিচারটি যোগ করতে পারেন।
মার্কেটিংয়ের আরও বিকল্প এক্সপ্লোর করা - মার্কেটিংয়ের অনেক ফ্রি বিকল্প থাকলেও, মার্কেটিং ক্যাম্পেইনে অর্থ ব্যয় করলে আরও বেশি বিকল্প থেকে আপনার ব্যবসার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন একটি বেছে নেওয়ার সুযোগ পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, Facebook Ads এবং Google Ads ফ্রি নয়, তবে এগুলোর মাধ্যমে বিপুল সংখ্যক সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানো যায়। গ্রাহকরা আপনাকে খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করার বদলে তাদের কাছে দ্রুত পৌঁছাতে এই ধরনের বিজ্ঞাপনগুলো ব্যবহার করা আরও ভালো হতে পারে।
আপনার ব্যবসা কাস্টমাইজ করা - ব্যবসার বিভিন্ন অংশের জন্য বেশিরভাগ ফ্রি বা স্বল্প খরচের বিকল্পে নির্দিষ্ট কিছু টেমপ্লেট বা বিকল্প ব্যবহার করতে হয়। অর্থ বিনিয়োগ করার মাধ্যমে, আপনি ব্যবসাকে আরও কাস্টমাইজ করে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারবেন।
উদাহরণস্বরূপ, Shopify অনেক ফ্রি থিম অফার করে, কিন্তু Shopify থিম স্টোরে আরও অনেক পেইড থিম উপলভ্য রয়েছে, যা আপনার ব্যবসার জন্য আরও উপযুক্ত হতে পারে।