ড্রপশিপিংয়ের ধরন

সহজভাবে বললে, ড্রপশিপিং হলো এমন কোনো ব্যবসা, যেখানে অন্য কোনো ব্যক্তি বা ব্যবসার কাছ থেকে পণ্য ক্রয় করে অর্ডার পূরণ করা হয় এবং তারা পণ্যগুলো গ্রাহকের কাছে শিপ করে। এর সংজ্ঞা বেশ বিস্তৃত হওয়ার কারণে ড্রপশিপিংয়ের অনেকগুলো ধরন রয়েছে।

ড্রপশিপিংয়ের ধরনগুলো কী এবং এগুলো কোন ধরনের মানুষ বা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে কাজ করে, তা জানতে নিচে এর বিভিন্ন ধরন দেখুন।

পণ্য রিসেলিং

এটি কী

ড্রপশিপিংয়ের সবচেয়ে সাধারণ ধরন হলো এমন একটি মাধ্যম, যেখানে কোনো কোম্পানি বিভিন্ন জায়গা থেকে পণ্য সংগ্রহ করে এবং অনলাইনে ক্রয় করার জন্য সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় উপলব্ধ করে।

এই ব্যবসাগুলো সাধারণ মানুষের জন্য এসব পণ্য খুঁজে পাওয়া ও ক্রয় করা সহজ করে তোলে। এছাড়াও, এই ব্যবসাগুলো সাধারণত পণ্যের বিস্তারিত রিভিউ, পণ্য সম্পর্কিত বিশেষ কনটেন্ট বা পণ্যের জন্য কিউরেট করা রিসোর্স লাইব্রেরির মাধ্যমে অতিরিক্ত ভ্যালু প্রদান করে থাকে।

কাদের জন্য উপযুক্ত

কোনো নির্দিষ্ট শিল্প বা ডেমোগ্রাফি সম্পর্কে ভালো ধারণা থাকা ব্যক্তির জন্য সাধারণ পণ্য রিসেলিং একটি দারুণ বিষয় হতে পারে। উদাহরণস্বরূপ, চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন এমন কোনো ব্যক্তি চাইলে বিভিন্ন বয়সী বাচ্চাদের উপযোগী খেলনা নিয়ে একটি ড্রপশিপিং ব্যবসা তৈরি করতে পারেন।

আরেকটি উদাহরণ হতে পারে, বাড়ি থেকে কাজ করা মানুষদের বিষয়ে ভালো ধারণা থাকা কোনো ব্যক্তি। তারা হোম অফিসের উপযোগী বিভিন্ন প্র্যাকটিক্যাল অফিস সাপ্লাইয়ের একটি স্টোর তৈরি করতে পারেন।

যারা মার্কেটিংয়ে পারদর্শী, তাদের জন্যও এই ধরনের ড্রপশিপিং বেশ উপযোগী। যেহেতু পণ্য রিসেলিং ড্রপশিপিংয়ের একটি সাধারণ ধরন, তাই গ্রাহকদের আকৃষ্ট করা কিছুটা কঠিন হতে পারে। আপনার ব্যবসার মার্কেটিং করার জন্য নতুন কোনো আইডিয়া থাকলে, এ ধরনের ড্রপশিপিংয়ে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

বিজনেস এক্সটেনশন

এটি কী

অনেক রিটেইল স্টোরের কোনো অনলাইন উপস্থিতি নেই। অনলাইনে উপস্থিতি থাকার ইচ্ছা থাকলেও সময়, অর্থ বা জ্ঞানের অভাবে অনেকেই তা করতে পারেন না। কিছু ড্রপশিপিং কোম্পানি এসব ব্যবসার সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং তাদের অনলাইন উপস্থিতি তৈরি করে। প্রতিবার ড্রপশিপিং ব্যবসায় সেল হলে, তারা রিটেইল স্টোরকে সেই আইটেমটি গ্রাহকের কাছে শিপ করার অনুরোধ করে।

কাদের জন্য উপযুক্ত

যেসব ড্রপশিপার ব্যবসার এক্সটেনশন হিসেবে কাজ করতে চান, তাদের সাধারণত রিটেইল স্টোরের সাথে ভালো সম্পর্ক থাকে। এর জন্য আপনাকে ইনভেন্টরি লেভেল ও পণ্যের বিবরণ অ্যাক্সেস করতে হবে এবং পণ্যের ভালো মানের ছবি তুলতে হবে। এটি ছোট শহরের জন্য ভালো কাজ করে, যেখানে ব্যবসাগুলো তাদের মার্কেট সম্প্রসারণ করতে আগ্রহী হতে পারে। তবে গ্রামাঞ্চলে এটি করা বেশ কঠিন হতে পারে।

এই ধরনের ড্রপশিপিংয়ে বেশি পরিশ্রম করতে হয়, কারণ আপনাকে রিটেইল স্টোরের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। সঠিক ইনভেন্টরি লেভেল পাওয়া, পণ্যের বিবরণ লেখা এবং পণ্যের ছবি তুলতে প্রচুর সময় লাগতে পারে। তবে এর সুবিধা হলো, রিটেইল স্টোরের পণ্যে আপনার এক্সক্লুসিভ অ্যাক্সেস থাকায় প্রতিযোগিতার পরিমাণ বেশ কম থাকে এবং আপনি চাইলে ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের ক্ষেত্রে তাদের সাথে পার্টনার হতে পারেন।

উদাহরণস্বরূপ, কানাডার স্মিথস ফলসের কোনো ড্রপশিপিং ব্যবসা তাদের স্থানীয় বুটিক স্টোরের সাথে পার্টনার হয়ে তাদের একটি কিউরেট করা অনলাইন উপস্থিতি তৈরি করে দিতে পারে। রিটেইল স্টোরগুলো তাদের বিজনেস কার্ডে ওয়েবসাইটটি যুক্ত করতে পারে এবং নিজস্ব মার্কেটিংয়ের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারে।

আরেকটি উদাহরণ হলো, আমস্টারডামের কোনো ড্রপশিপিং ব্যবসা তাদের শহরের উদীয়মান শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে বিক্রি করতে সাহায্য করার জন্য তাদের সাথে পার্টনার হতে পারে। এর ফলে, শিল্পীরা তাদের পণ্য তৈরিতে ফোকাস করতে পারেন এবং ড্রপশিপিং ব্যবসা সেল বাড়াতে সাহায্য করতে পারে।

পণ্য তৈরি

এটি কী

কিছু ড্রপশিপিং ব্যবসা অনেকগুলো পণ্য একসাথে বান্ডেল বা গ্রুপ করে সেগুলোকে একটি পণ্য হিসেবে বিক্রির জন্য উপলব্ধ করে। উদাহরণস্বরূপ, কোনো ড্রপশিপিং ব্যবসা এমন কোনো সরবরাহকারী খুঁজে পেতে পারে, যার ক্রাফট সাপ্লাইয়ের বিশাল পণ্যের সারি রয়েছে এবং সেগুলো ব্যবহার করে তারা নিজেদের ক্রাফট তৈরি করতে পারে। নতুন ক্রাফটের আইডিয়া তৈরি করে, ড্রপশিপিং কোম্পানিটি ক্রাফট সাপ্লাই একসাথে বান্ডেল করতে পারে এবং একটি "নিজের ক্রাফট তৈরি করুন" কিট সেল করতে পারে। তারপর তারা সাপ্লাইগুলো ড্রপশিপ করে ইমেইলে গ্রাহককে নির্দেশিকা পাঠাতে পারে অথবা ক্রয় করার পর নির্দেশিকাটি ওয়েবসাইট থেকে ডাউনলোডের ব্যবস্থা করে দিতে পারে।

কাদের জন্য উপযুক্ত

বিদ্যমান পণ্যগুলো একসাথে করে নতুন পণ্য তৈরি করা বেশ কঠিন হতে পারে এবং এর জন্য নির্দিষ্ট মাত্রার সৃজনশীলতার প্রয়োজন হয়। তবে, আপনার তৈরি করা আরেকটি সাধারণ পণ্য হতে পারে এমন কিছু পণ্যের বান্ডেল যা একসাথে কেনা উপযোগী। উদাহরণস্বরূপ, স্কুলে ফিরে যাওয়ার সময় কোনো শিশুর নতুন স্কুল সাপ্লাইয়ের প্রয়োজন হতে পারে এবং আপনি প্রতিটি গ্রেড বা বছরের জন্য স্কুল সাপ্লাইয়ের বান্ডেল তৈরি করতে পারেন।

মনে রাখবেন যে আপনি যদি এমন কোনো পণ্য তৈরি করেন, যেখানে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে আসা ড্রপশিপ করা পণ্য থাকে, তবে পণ্যগুলো বিভিন্ন সময়ে গ্রাহকের কাছে পৌঁছাবে। এমন কোনো সরবরাহকারীর পণ্য ব্যবহার করে নতুন পণ্য তৈরি করার কথা বিবেচনা করুন, যিনি কোনো অর্ডারের সব পণ্য একসাথে একটি প্যাকেজে প্যাক করেন।

এটি কী

প্রিন্ট অন ডিমান্ড হলো ড্রপশিপিংয়ের এমন একটি ধরন, যেখানে কোনো কোম্পানি এমন সব পণ্য বিক্রি করতে চায়, যেগুলোতে কোনো টেক্সট বা ছবি প্রিন্ট করা থাকে। বেশিরভাগ প্রিন্টিং পরিষেবা প্রিন্ট করার জন্য শাওয়ার কার্টেন, মগ, পোষা প্রাণীর খাবারের পাত্র এবং টি-শার্টের মতো নানা ধরনের পণ্য অফার করে থাকে।

উদাহরণস্বরূপ, কোনো মিউজিক ব্যান্ড তাদের ছবি বা শুধু ব্যান্ডের নাম প্রিন্ট করা পণ্য বিক্রির মাধ্যমে তাদের সচেতনতা বাড়াতে চাইতে পারে। একটি প্রিন্ট অন ডিমান্ড পরিষেবার সাথে কাজ করার মাধ্যমে তারা তাদের ছবি আপলোড করতে পারে এবং প্রতিবার সেল হওয়ার পর, পরিষেবাটি পণ্যটিতে প্রিন্ট করে এবং ব্যান্ডের পক্ষ থেকে তা গ্রাহকের কাছে শিপ করে।

কাদের জন্য উপযুক্ত

প্রিন্ট-অন-ডিমান্ড সেলিংয়ের ক্ষেত্রে, আপনি পণ্যগুলোতে কী প্রিন্ট করতে চান, সেই সম্পর্কে আপনার একটি আইডিয়া থাকতে হবে। আইডিয়া পাওয়ার পর, আপনাকে সেটি এমন একটি ফর্ম্যাটে সেট করতে হবে, যা প্রিন্টিং পরিষেবা গ্রহণ করে থাকে (সাধারণত নির্দিষ্ট সাইজের কোনো ছবি আপলোড করার মাধ্যমে এটি করা হয়)।

পণ্য রিসেলিংয়ের মতো, আপনার তৈরি করা পণ্য কীভাবে বাজারজাত করতে হয় তা জানা থাকলে এটি সহায়ক হয়। প্রিন্ট অন ডিমান্ড হলো ড্রপশিপিংয়ের আরেকটি সাধারণ রূপ এবং অনেক ব্যবসা মগ ও টি-শার্টের মতো সাধারণ আইটেমগুলিতে প্রিন্ট করে। সাধারণ আগ্রহ রয়েছে এমন নির্দিষ্ট লোকেদের কাছে যদি আপনার অ্যাক্সেস থাকে, তবে প্রিন্ট-অন-ডিমান্ড ড্রপশিপিং ভালো মানানসই হতে পারে।

কীভাবে প্রিন্ট-অন-ডিমান্ড স্টোর তৈরি করতে হয় সেই চেকলিস্টের জন্য, Shopify-এ প্রিন্ট অন ডিমান্ড স্টোর সেট আপ করা দেখুন।