চেকআউটের প্রিভিউ

আপনার মার্কেট সেটিংস কোনো মার্কেটের গ্রাহকদের চেকআউট প্রক্রিয়াকে কীভাবে প্রভাবিত করে, তা বুঝতে আপনি চেকআউটের প্রিভিউ ব্যবহার করতে পারেন। মার্কেট পেজে থাকা গ্রাফ ভিউ-এর View as অপশন ব্যবহার করে একটি দেশ বা অঞ্চল এবং একটি সেলস চ্যানেল নির্বাচন করার পর, ওই গ্রাহকের জন্য সবচেয়ে নির্দিষ্ট যে মার্কেটটি প্রযোজ্য হয়, তা হাইলাইট করা হবে। এরপর আপনি চেকআউটের প্রিভিউতে পণ্য যোগ করে ওই মার্কেটটি গ্রাহকের জন্য পণ্যের উপলভ্যতা, মূল্য, ডিসকাউন্ট, শিপিংয়ের বিকল্প, ট্যাক্স এবং শুল্কের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা পর্যালোচনা করতে পারবেন।

চেকআউটের প্রিভিউ আপনার বর্তমান মার্কেট সেটিংস ব্যবহার করে, তবে এগুলো শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এগুলো কোনো লাইভ কার্ট, চেকআউট বা অর্ডার তৈরি করে না এবং Shopify-এ আপনার কোনো সেটিংস পরিবর্তন করে না।

চেকআউট প্রিভিউয়ের বিবেচ্য বিষয়গুলো

চেকআউট প্রিভিউ ব্যবহার করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • চেকআউটের প্রিভিউ শুধুমাত্র মার্কেটের গ্রাফ ভিউ থেকে পাওয়া যায়। এর পরিবর্তে পণ্য পেজ থেকে পণ্যের উপলভ্যতা পর্যালোচনা করতে, মার্কেট অনুযায়ী পণ্যের উপলভ্যতার পর্যালোচনা দেখুন।
  • কোম্পানির লোকেশনের জন্য কার্টের প্রিভিউ দেখতে আপনাকে Shopify B2B ব্যবহার করতে হবে এবং আপনার কোম্পানি দেখুন অনুমতি থাকতে হবে।
  • Point of Sale মার্কেটের জন্য চেকআউট প্রিভিউ উপলভ্য নয়।
  • চেকআউট প্রিভিউ আপনার থিম, চেকআউট কাস্টমাইজেশন বা অ্যাপ ব্লকগুলো প্রয়োগ করে না।
  • সাবস্ক্রিপশন পণ্য এবং প্রি-অর্ডার করা পণ্য চেকআউট প্রিভিউতে সাপোর্ট করে না।
  • চেকআউট প্রিভিউতে যোগ করা পণ্য এবং বিবরণ সেভ করা হয় না। View as থেকে বের হয়ে গেলে, চেকআউট প্রিভিউ বন্ধ করলে বা পেজ থেকে চলে গেলে প্রিভিউতে যোগ করা যেকোনো পণ্য, ডিসকাউন্ট কোড, শিপিংয়ের ঠিকানা এবং শিপিংয়ের পদ্ধতি মুছে যায়।

গ্রাহকের জন্য কার্টের প্রিভিউ দেখুন

আপনি কার জন্য কার্টের প্রিভিউ দেখতে চান তা নির্বাচন করে পণ্য যোগ করুন বা এডিট করুন। আপনি দেশ বা অঞ্চল এবং সেলস চ্যানেল অনুযায়ী, আর B2B-এর ক্ষেত্রে কোম্পানির লোকেশন অনুযায়ী প্রিভিউ দেখতে পারেন। এছাড়াও, আপনি একই কার্টে একটি ডিসকাউন্ট কোড এবং শিপিংয়ের ঠিকানা পরীক্ষা করতে পারেন।

গ্রাহকের তথ্য, কার্টের কনটেন্ট এবং শিপিংয়ের ঠিকানার ওপর ভিত্তি করে শিপিংয়ের বিকল্প, ট্যাক্স, শুল্ক এবং চেকআউটের মোট পরিমাণ আপডেট করা হয়। মার্কেটের গ্রাহকদের জন্য যাতে সঠিক শিপিং বিকল্পগুলো তালিকাভুক্ত করা হয়, সেজন্য আপনাকে একটি শিপিংয়ের ঠিকানা যোগ করতে বলা হবে। আপনি কোনো কোম্পানির লোকেশনের প্রিভিউ দেখলে, এর ঠিকানা ব্যবহার করা হবে। ভিন্ন কোনো ঠিকানা ব্যবহার করতে, ওই লোকেশনের জন্য একবারের শিপিংয়ের ঠিকানা ব্যবহারের অনুমতি দিন। আপনি View as থেকে দেশ বা অঞ্চল পরিবর্তন করলে শিপিংয়ের ঠিকানা মুছে যায় এবং আপনাকে নতুন গ্রাহক প্রসঙ্গের জন্য একটি ঠিকানা যোগ করতে হবে। আপনি শিপিংয়ের ঠিকানায় দেশের নাম পরিবর্তন করলে, View as-এর দেশ বা অঞ্চলটিও আপডেট হবে এবং আরো বেশি নির্দিষ্ট কোনো মার্কেট হাইলাইট করা হতে পারে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে মার্কেট-এ যান।

  2. গ্রাফ ভিউ-তে ক্লিক করে View as-এ ক্লিক করুন।

  3. আপনি যে দেশ বা অঞ্চল এবং সেলস চ্যানেলের হিসেবে দেখতে চান, সেটি নির্বাচন করুন। আপনার নির্বাচনের সাথে মিলে যায় এমন কোনো গ্রাহকের জন্য কোন মার্কেট সেটিংস প্রযোজ্য হবে, তা এটি নির্ধারণ করে।

  4. ঐচ্ছিক: কোনো B2B কাস্টমারের জন্য কার্টের প্রিভিউ দেখতে, একটি কোম্পানির লোকেশন যোগ করুন।

  5. চেকআউট প্রিভিউতে পণ্য যোগ করুন-এ ক্লিক করে যেসব পণ্য অন্তর্ভুক্ত করতে চান সেগুলো নির্বাচন করুন।

  6. ঐচ্ছিক: একটি ডিসকাউন্ট কোড পরীক্ষা করতে, কোডটি যোগ করুন:

    1. ঐচ্ছিক: মার্কেটের জন্য একটি ডিসকাউন্ট কোড কপি করতে, মার্কেট নোডের ডিসকাউন্ট বিভাগে ক্লিক করুন। মার্কেট ডিসকাউন্ট প্যানেলে ডিসকাউন্ট কোডটির ওপর হোভার করে ক্লিপবোর্ড আইকনে ক্লিক করুন।
    2. ডিসকাউন্ট কোড ফিল্ডে কোডটি দিয়ে প্রয়োগ করুন-এ ক্লিক করুন।
  7. শিপিংয়ের বিকল্প এবং ট্যাক্স হিসাব করতে, একটি শিপিংয়ের ঠিকানা যোগ করুন:

    1. শিপিংয়ের ঠিকানা যোগ করুন-এ ক্লিক করুন।
    2. একটি ঠিকানা দিয়ে হয়ে গেছে-তে ক্লিক করুন।
    3. ঐচ্ছিক: একাধিক শিপিং বিকল্প উপলভ্য থাকলে, চেকআউট প্রিভিউয়ের শিপিং বিভাগ থেকে একটি শিপিংয়ের পদ্ধতি নির্বাচন করুন।

আপনার মার্কেট সেটিংসের ওপর ভিত্তি করে নির্বাচিত গ্রাহক প্রসঙ্গের জন্য প্রযোজ্য মূল্যসহ প্রতিটি পণ্যের তালিকা চেকআউট প্রিভিউতে দেখানো হয়। আপনি পণ্যের পরিমাণ পরিবর্তন করতে বা কার্ট থেকে এটি সরিয়ে দিতে পারবেন। কার্টের পণ্যগুলো পরিবর্তন করতে, পণ্য এডিট করুন-এ ক্লিক করুন।

কোনো ডিসকাউন্ট কোড প্রযোজ্য হলে প্রিভিউতে ডিসকাউন্টটি তালিকাভুক্ত করা হয় এবং মোট পরিমাণ আপডেট করা হয়। কোডটি প্রযোজ্য না হলে, এটি কেন ব্যবহার করা যাচ্ছে না তার কারণ হিসেবে একটি এরর মেসেজ দেখানো হয়। বিভিন্ন মার্কেটে ডিসকাউন্ট কীভাবে কাজ করে, সেই সম্পর্কে আরো জানতে মার্কেটগুলোতে ডিসকাউন্ট এবং গিফট কার্ড দেখুন।

চেকআউট প্রিভিউয়ের সারাংশ

ওই মার্কেটের একজন গ্রাহককে প্রিভিউতে থাকা পণ্যগুলোর জন্য কী পরিমাণ অর্থ দিতে হবে, তা চেকআউট প্রিভিউয়ের সারাংশে তালিকাভুক্ত করা থাকে। নিচের তালিকায় সারাংশের প্রতিটি অংশের বর্ণনা দেওয়া হয়েছে:

  • উপমোট: মার্কেটের মুদ্রায় পণ্যের ডিসকাউন্টের পর নির্বাচিত পণ্যগুলোর মোট মূল্য।
  • শিপিং: নির্বাচিত শিপিংয়ের পদ্ধতি এবং রেট। শিপিংয়ের ঠিকানা যোগ করুন মানে এখনও কোনো শিপিংয়ের ঠিকানা যোগ করা হয়নি। চেকআউটের সময় হিসাব করা হয় মানে শিপিং রেটটি হলো ক্যারিয়ার থেকে হিসাব করা রেট, অথবা কার্টে একাধিক শিপমেন্ট রয়েছে। উভয় ক্ষেত্রেই চেকআউট করার সময় শিপিংয়ের পরিমাণ হিসাব করা হয়। এই ঠিকানার জন্য কোনো শিপিংয়ের বিকল্প নেই মানে এই মার্কেটের ওই ঠিকানার জন্য কোনো শিপিং রেট উপলভ্য নেই।
  • ট্যাক্স: চেকআউট প্রিভিউতে আপনার যোগ করা শিপিংয়ের ঠিকানা থেকে অনুমান করে, মার্কেটের একজন গ্রাহকের জন্য প্রযোজ্য ট্যাক্স। আরো জানতে, ট্যাক্সের অনুমান দেখুন।
  • মোট বা আনুমানিক মোট: কার্টের প্রতিটি পরিমাণ চূড়ান্ত হলে মোট তালিকাভুক্ত করা হয়। ট্যাক্সের মতো এক বা একাধিক পরিমাণ আনুমানিক হলে এবং চেকআউটে তা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলে আনুমানিক মোট তালিকাভুক্ত করা হয়।

কার্টে একাধিক শিপমেন্টের প্রয়োজন হলে, এই কার্টে একাধিক শিপমেন্ট রয়েছে তালিকাভুক্ত করা হয়। প্রতিটি শিপমেন্টের শিপিং বিকল্পগুলো পর্যালোচনা করতে চেকআউটে কার্ট দেখুন-এ ক্লিক করুন।